বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রংমহল বিওপির সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবির টহল দলের সতর্ক অবস্থান ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে আজ শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
আজ সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনীর রংমহল বিওপির সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দলের সতর্ক অবস্থানের কারণে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই চারজনকে আজ সকালে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গাংনীর রংমহল সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

দৈনিক টার্গেট 






















