৭ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধানমন্ডি থানায় করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ১৭ নভেম্বর তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। সাঈদ খোকনকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল। গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। এর পর ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়।
যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এ দিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় মোতালিব। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে সাঈদ খোকনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন। এখনো তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অর্থ সরবরাহ করছেন। তাঁকে পুনরায় রিমান্ডে নিয়ে সব বিষয়ে তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনিসহ তাঁর পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।

দৈনিক টার্গেট 





















