শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও চাটখিলের সানুখালী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (২৬), তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫)। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক (ডিভোর্স) দেন। তবে রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। এর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হওয়ার পর রাসেল মুক্তাদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।
এসআরবির ভাষ্য অনুযায়ী, ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল করে তাঁকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা।
এসআরবি আরও জানায়, হত্যার ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ একটি কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়। গত বৃহস্পতিবার পুলিশ সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।
মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক টার্গেট 





















