রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আগেই নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারবে।
এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি নিজেই জনস্বার্থে রিটটি করেন বলে জানান। আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণ শুরু এবং ১ ফেব্রুয়ারির পর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে ইউজিসির ওই সিদ্ধান্তের পরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।
আইনজীবী কামরুন নাহার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের মধ্যে সাড়ে তিন লাখ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। এই পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না। তাঁরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারেন, এক বছরই অপেক্ষা করতে হবে। এতে তাঁরা হতাশায় ভুগবেন।

দৈনিক টার্গেট 
























