অর্থ আত্মসাৎ মামলায় পূজা চেরির বাবা কারাগারে, মুখ খুললেন অভিনেত্রী
চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে ২৫ এপ্রিল। মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ঘটনাটি।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে প্রথমে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ৫ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয়। একই উদ্দেশ্যে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে অতিরিক্ত ৬ কোটি টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আরও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চ বিকাশের মাধ্যমে অতিরিক্ত অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে দাবি করা হয়েছে, দীর্ঘ সময় পার হলেও বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি। বরং টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখানো এবং এক পর্যায়ে হুমকির অভিযোগও উঠেছে। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি বলেন, এই অভিযোগ বা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটি পুরোপুরি পারিবারিক বিষয় এবং তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না। তার ভাষায়, বিষয়টি আদালতের অধীনে রয়েছে এবং আইনগতভাবেই এর নিষ্পত্তি হবে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
