ঈদে পরিবার নিয়েই ব্যস্ত ফারিণ
দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঈদকে ঘিরে তার আনন্দের বড় অংশ জুড়ে থাকে পরিবার ও প্রিয়জনদের জন্য কেনাকাটা। নিজের জন্য খুব বেশি কিছু না কিনলেও কাছের মানুষদের মুখে হাসি ফোটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
সম্প্রতি এক আলাপচারিতায় ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও পারিবারিক আয়োজন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। ফারিণ জানান, একসময় ঈদে নিজের জন্য অনেক কেনাকাটা করলেও এখন সে অভ্যাস অনেকটাই বদলে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, তার সংগ্রহে ইতোমধ্যেই অনেক পোশাক জমে রয়েছে। তাই এখন নিজের চেয়ে পরিবারের সদস্য ও কাছের মানুষদের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দেন।
তিনি বলেন, কোরবানির ঈদে মূল ব্যস্ততা থাকে গরু কেনা ও অন্যান্য আয়োজন ঘিরে। ফলে পোশাক কেনাকাটার বিষয়টি তুলনামূলক কম গুরুত্ব পায়। এরপরও প্রিয়জনদের জন্য কিছু উপহার কিনতে চেষ্টা করেন তিনি।
শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহার প্রসঙ্গেও মজার অভিজ্ঞতা শেয়ার করেন ফারিণ। তিনি জানান, প্রায়ই পাকিস্তানি লন ড্রেস উপহার পান। বিষয়টি নিয়ে হাস্যরস করে অভিনেত্রী বলেন, মনে হয় তাকে কী দিলে খুশি করা যায়, সেটার সহজ সমাধান খুঁজে পেয়েছে তার শ্বশুরবাড়ির মানুষজন।
তবে কোরবানির ঈদের কিছু বিষয় তাকে অস্বস্তিতেও ফেলে। ফারিণ জানান, তিনি খুবই ‘স্মেল সেনসিটিভ’। এজন্য কোরবানির দিন ও পরের দিন খুব একটা বাইরে বের হন না। বেশির ভাগ সময় ঘরেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এরপরও ঈদের সামাজিকতা থেকে দূরে থাকেন না এই অভিনেত্রী। আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, কোরবানির মাংস পৌঁছে দেওয়া এবং অতিথিদের আপ্যায়নের জন্য রান্নাবান্না সব মিলিয়ে পারিবারিক আবহেই তার ঈদ উদযাপন সম্পন্ন হয়।
