আজকের পত্রিকাকে মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলার একপর্যায়ে ক্ষুব্ধ হন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে।’
মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’
এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।’
পশ্চিমবঙ্গের সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পাখি চরিত্র দিয়ে বাংলাদেশেও হয়ে ওঠেন পরিচিত মুখ। অভিনয় করেছেন বাংলাদেশের নাটকেও। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেন তিনি। এতে মধুমিতার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমায়।
পাঁচ বছর আগে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল। নানা কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেননি। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, মিশা সওদাগর প্রমুখ।

দৈনিক টার্গেট 
























