গত শুক্রবার ঢাকার ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বোকা’ অ্যালবামের প্রকাশনা উৎসব। এ দিন অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ডতারকা হামিন আহমেদ ও শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু।
এই সময়ে ফিজিক্যাল অ্যালবাম প্রকাশের কারণ সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এসেছে। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করেই গানগুলো করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। আর এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ ফিজিক্যাল অ্যালবাম এই প্রজন্মকে পুরোনো দিনের সেই অনুভূতির সঙ্গে পরিচিত করবে বলে আমার বিশ্বাস।’
বিশ্বজুড়ে ফিজিক্যাল অ্যালবামের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী এই শিল্পী আরও বলেন, ‘বিভিন্ন দেশে গত কয়েক বছরে নতুন করে সিডি ও ভিনাইলের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও তা আবার শুরু হবে।’
‘বোকা’ অ্যালবামে ৮টি গান রয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলো লিখেছেন ও সুর করেছেন জয় শাহরিয়ার। ফিজিক্যাল অ্যালবামের পাশাপাশি ডিজার, স্পটিফাই, আইটিউনস, আমাজন, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানগুলো। অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এ ছাড়া গানের কথার থিম নিয়ে টি-শার্ট এনেছে এন স্টোরিজ।

দৈনিক টার্গেট 



























