ডোমিনিকান প্রজাতন্ত্রের একনায়ক ছিলেন রাফায়েল ত্রুজিলো। তাঁর স্বৈরশাসনের বিরুদ্ধে গোপন প্রতিরোধ আন্দোলনে যুক্ত ছিলেন মিরাবাল বোনেরা। তাঁরা পরিচিত ছিলেন ‘লাস মারিপোসাস’ বা ‘প্রজাপতি’ নামে। রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকারের দাবিতে তাঁদের সাহসী অবস্থান স্বৈরশাসকের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যার কারণে তাঁদের নির্যাতন ও হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ড ডোমিনিকান জনগণ ও আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং ত্রুজিলোর স্বৈরশাসনের পতনকে ত্বরান্বিত করে।
কীভাবে এলো ২৫ নভেম্বর ও ১৬ দিনের কর্মসূচি
মিরাবাল বোনদের আত্মত্যাগ ও সংগ্রামকে স্মরণ করে পরবর্তী সময়ে নারী অধিকারকর্মী ও আন্দোলনকারীরা ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের দিন হিসেবে তুলে ধরতে শুরু করেন। ১৯৯১ সাল থেকে ২৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের বৈশ্বিক ১৬ দিনের সক্রিয়তার কর্মসূচি পালিত হয়ে আসছে। এরপর ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
‘নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস ২০২৬ ’-এর বার্তায় জাতিসংঘ মহাসচিব নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতাকে একটি ‘সর্বজনীন লজ্জা’ হিসেবে অভিহিত করেছেন। বার্তায় বলা হয়েছে, আইন ও নীতিমালায় অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে সহিংসতার ব্যাপকতা এখনো ভয়াবহ। এই অন্যায় চিরতরে বন্ধ করার এখনই সময় এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
গোপনীয়তা ও জরুরি সেবা: সহিংসতার শিকার ব্যক্তিরা যেন গোপনীয়তা রক্ষা করে সহজে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থা করা এবং আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মানসিক-সামাজিক সহায়তা ও আশ্রয়ের মতো জরুরি সেবায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।
আইনের প্রয়োগ ও জবাবদিহি: আইন আরও শক্তিশালী করা, ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করা, সময়মতো ও নিরপেক্ষ তদন্ত চালানো এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা।
পুরুষতান্ত্রিক রীতিনীতি ও অনলাইন সহিংসতা রোধ: যেসব রীতিনীতি পুরুষ ও ছেলেশিশুকে সহিংসতার দিকে ঠেলে দেয় এবং নারী ও মেয়েশিশুকে নীরব থাকতে বাধ্য করে, তা ভেঙে ফেলা। বিশেষত অনলাইন জগতে পরিচয় গোপন রাখার সুযোগ ও শক্তিশালী ডিজিটাল প্রযুক্তি যেভাবে নারীবিদ্বেষ উসকে দিচ্ছে এবং দ্রুত ছড়াচ্ছে, তা মোকাবিলায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
সক্রিয় সহযোগিতা: নারী ও মেয়েশিশুর ভয়মুক্ত জীবন ও পূর্ণ সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে পুরুষ ও ছেলেশিশুকে ক্ষতিকর প্রচলিত ধারণা ও আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে সক্রিয় সহযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মিরাবাল বোনদের প্রতিবাদের ইতিহাস থেকে শুরু হওয়া এই দিবস আজও মনে করিয়ে দেয়—অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই সবার জন্য নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

দৈনিক টার্গেট 



























