২০১৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, সঠিক উত্তর জানা থাকার পরও বারবার ভুল তথ্য শুনলে মানুষ সেটিকে তুলনামূলক বেশি বিশ্বাসযোগ্য মনে করতে পারে। যেমন চিতা যে দ্রুততম স্থলচর প্রাণী তা জেনেও বারবার চিতাবাঘ-সংক্রান্ত ভুল দাবি দেখানো হলে তা সত্য মনে হওয়ার প্রবণতা বেড়ে যায়। এমনকি বারবার শুনলে মনে হতে পারে তথ্যটি আগে থেকেই জানা ছিল, কিংবা অদ্ভুত দাবিও কিছুটা চেনা ও গ্রহণযোগ্য মনে হতে পারে। তবে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের লিসা ফাজিওর গবেষণা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। পরিচিতি ও পূর্বজ্ঞানের পাশাপাশি কোনো বক্তব্য আসলেই সত্য কি না, এটিই সবচেয়ে বড় নিয়ামক। পুনরাবৃত্তি সত্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না; মানুষ সাধারণত মিথ্যার চেয়ে সত্য তথ্যকেই বেশি বিশ্বাস করে। ৩১ হাজারের বেশি অংশগ্রহণকারীর ওপর চালানো ১৮২টি গবেষণার বিশ্লেষণেও পুনরাবৃত্তির ফলে বিশ্বাসযোগ্যতা বাড়ার ধারাবাহিক প্রমাণ মিলেছে, যদিও এর মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে।
আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই মানসিক প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে। একই দাবি, মিম, পোস্ট বা ভুয়া খবরের শিরোনাম ফিডে বারবার ফিরে এলে ব্যবহারকারীর কাছে তা চেনা ও স্বাভাবিক মনে হতে থাকে। এমনকি কোনো পোস্টের পাশে সতর্কবার্তা বা বিতর্কিত ট্যাগ থাকলেও পুনরাবৃত্তির প্রভাব পুরোপুরি কেটে যায় না। তা ছাড়া কোনো দাবি পরিচিত মনে হলে মানুষ সেটি শেয়ার করতেও বেশি আগ্রহী হয়, যার ফলে একই তথ্য আরও বেশি মানুষের চোখে পড়ে এবং পুনরাবৃত্তির চক্রটি আরও শক্তিশালী হয়। নিজের ক্ষেত্রে এই ঝুঁকি কতটা, তা আমরা প্রায়ই কম করে দেখি অর্থাৎ অন্যেরা ভুল তথ্যে প্রভাবিত হতে পারে ভাবলেও নিজেদের অরক্ষিত ভাবতে চাই না।
কোনো তথ্য প্রথমবার সামনে এলেই সেটি কতটা সঠিক তা ভেবে দেখুন। পরিচিত মানেই সত্য নয়। কোনো কিছু চেনা লাগলে নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে প্রকৃত প্রমাণ আছে, নাকি শুধু বারবার শুনেছেন? মনে রাখবেন, পুনরাবৃত্তি কোনো বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করাতে পারে, কিন্তু তা দিয়ে বক্তব্যটি সত্য হয়ে যায় না।

দৈনিক টার্গেট 



























