প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালনকালে নেতানিয়াহুর কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আইনি ক্ষমতা রয়েছে? এমন সিদ্ধান্ত নিলে দেশের ভেতরে এর প্রতিক্রিয়াই বা কী হবে?
আইনগতভাবে ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত বিদায়ী সরকার আগের মতোই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।
তবে ইসরায়েলের সুপ্রিম কোর্টের অতীতের কয়েকটি রায়ে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বিদায়ী সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার প্রভাব দীর্ঘস্থায়ী বা অপরিবর্তনীয় হতে পারে। এটি ‘সংযমের দায়িত্ব’ হিসেবে পরিচিত।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক নেভ গর্ডন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, অন্তর্বর্তী সরকারের অনুমোদন নিয়ে নেতানিয়াহু সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি বিষয়টিকে জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করতে পারবেন।
তেল আবিবভিত্তিক থ্যাকলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত অন্তর্বর্তী সরকারের সংযমের দায়িত্বের সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম। তাঁর মতে, আইনগতভাবে নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ক্ষমতা রয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানায়, এসব নির্দেশনা এমন সামরিক তৎপরতার দিকে নিয়ে যেতে পারে, যা নতুন যুদ্ধের সূত্রপাত ঘটাবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর পক্ষে নেতানিয়াহু চাপ দিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট। এসব আলোচনার অন্তত একটি ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়ের খবরও প্রকাশিত হয়েছে।
তবে ইসরায়েলের ‘চ্যানেল ১৩’ জানিয়েছে, ইরানে এখনই হামলার জরুরি প্রয়োজন দেখছে না দেশটির সামরিক নেতৃত্ব। গত বুধবারের এক ব্রিফিংয়ে নেতানিয়াহু এবং পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে এ মূল্যায়নের কথা জানানো হয়েছে।
ইসরায়েলের বিরোধী দলগুলো বলছে, অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়।
বিরোধী জোটের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, পার্লামেন্টের তদারকি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ সম্মতি ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যা দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
আইজেনকটও বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
জবাবে নেতানিয়াহু দাবি করেছেন, সরকারের সব সিদ্ধান্ত কেবল নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতেই নেওয়া হয়।
তবে নতুন করে যুদ্ধ শুরু হলে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হলে অনেকেই সরকারের পাশে দাঁড়াতে পারেন। বিশ্লেষক এহাব জাবারিনের মতে, যুদ্ধ শুরু হলে জাতীয় পতাকার নিচে জনগণের ঐক্য তৈরি হওয়া মানেই এই নয় যে তাঁরা নেতানিয়াহুর যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক মনে করছেন।
তিনি বলেন, আবার সেনাদের রিজার্ভ ডিউটিতে ডাকা হলে, পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ফিরতে বাধ্য হলে এবং আগের অভিযানের চেয়ে নতুন অভিযানে কী অর্জিত হবে, তার ব্যাখ্যা দিতে হলে সরকারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে।
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন বড় ধরনের সামরিক অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতিতে জোর দিচ্ছে। অধ্যাপক গর্ডনের মতে, নেতানিয়াহুর সবচেয়ে বড় সমস্যা এখন ইসরায়েলের জনগণ নয়, বরং সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া।
এই প্রশ্নের উত্তরটি হলো—হ্যাঁ। ২০২১ সালের মে মাসে নির্বাচনে আসন হারানোর পর নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই নেতানিয়াহু গাজায় ১১ দিনের সামরিক অভিযান চালান। এতে অন্তত ২৬০ ফিলিস্তিনি এবং ১৩ ইসরায়েলি নিহত হন। ওই সংঘাত সাময়িকভাবে নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার প্রচেষ্টায় সহায়ক হলেও পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে গাজায় সামরিক অভিযান চালিয়েছিলেন। এর মধ্যে ২০০৮ সালে ওলমার্টের নির্দেশে পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।

দৈনিক টার্গেট 

























