আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৈঠকের কার্যপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।
কার্যপত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আট বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ করা হয়। এ পর্যায়ে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রগ্রেসিভ মিনস টেস্ট (পিএমটি) স্কোরের মাধ্যমে প্রায় ৬৯ শতাংশ নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতা পেয়েছে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে দেশের সব পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব থানার তথ্য সংগ্রহ এবং উপকারভোগী নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডার ও তথ্য সংগ্রহ নির্দেশিকা–২০২৬ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা–২০২৬ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে।
তথ্য সংগ্রহ ও কর্মসূচি পরিচালনার জন্য প্রযুক্তিগত প্রস্তুতিও নেওয়া হয়েছে। কর্মসূচির কার্যক্রম পর্যবেক্ষণে মন্ত্রণালয় ও অধিদপ্তরে ন্যাশনাল অপারেশন সেন্টার (এনওসি) থেকে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
কার্যপত্রে বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের পাশাপাশি বেসরকারি পূবালী ব্যাংক পিএলসিকে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীদের হিসাব খোলা, কার্ড প্রস্তুত এবং ব্যাংকিং সেবা দেওয়ার কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া উপকারভোগীদের সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে। ভাতা উত্তোলন ও লেনদেনের সুবিধার জন্য ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এজেন্টের মাধ্যমে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগী বাছাই, তথ্য যাচাই ও অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়। প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়।
সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়ে সেবা কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মুজিবুর রহমান, মাজেদুর রহমান এবং মোস্তাফিজুর রহমান।

দৈনিক টার্গেট 


























