ডেইলি মেইল জানিয়েছে, ঘটনাটি ২০১৭ সালের ২২ মার্চের। আগের রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন মারিয়া। সঙ্গে ছিলেন প্রেমিক নিক। মদ্যপানের পর মারিয়ার গাড়ির চালকের আসনে বসেন নিক। ঘণ্টায় ৫০ মাইল গতিসীমার সড়কে গাড়িটি তিনি চালাচ্ছিলেন ঘণ্টায় ১১০ মাইল বেগে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারান মারিয়া। তবে অক্ষত থাকেন নিক।
মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েন বাবা ফার্নান্দো। প্রথমে তাঁর মনে হয়েছিল, নিককে হত্যা করবেন। অন্যদিকে মা এলিজাবেথের মনে জন্ম নেয় সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি। তাঁর মনে হয়, মারিয়া চলে গেছে, কিন্তু নিকও তো একা। তাঁর পরিবার সিঙ্গাপুরে। এই বিপর্যয়ে তাঁর পাশে দাঁড়ানোর কেউ নেই।
পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর নিক যখন একটি গির্জার যাজকের বাড়িতে ছিলেন, তখনই তাঁকে ফোন করেন এলিজাবেথ। ফোনের ওপাশে থাকা নিককে প্রথমেই বলেন, ‘নিক, আমি শুধু তোমাকে জানাতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’
এলিজাবেথের এই আচরণে প্রথমে বিস্মিত হলেও ধীরে ধীরে বদলে যান মারিয়ার বাবা ফার্নান্দোও। মেয়ের মৃত্যুর দুই দিন পর নিক তাঁদের বাড়িতে এলে ক্ষমা চান। ফার্নান্দো তাঁকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাবা।’ এরপর নিককে ছেলের মতোই আপন করে নেন তাঁরা।
মারিয়ার মৃত্যুর চার মাস পর নিক তাঁদের বাড়িতে থাকতে শুরু করেন। ছয় সপ্তাহ তাঁদের সঙ্গে ছিলেন তিনি। এই সময় তাঁকে একা থাকতে দেননি তাঁরা। কারণ, দুর্ঘটনার পর নিক আত্মহত্যার কথাও ভেবেছিলেন। এলিজাবেথ মনে করেন, নিকের পাশে দাঁড়ানো তাঁকে নিজের শোক সামলাতেও সাহায্য করেছে।
তবে ক্ষমা করলেও আইনি বিচার বন্ধ হয়নি। ২০১৭ সালের নভেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং বিমাবিহীন গাড়ি চালানোর দায় স্বীকার করেন নিক। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার সময় আদালতেই কান্নায় ভেঙে পড়েন এলিজাবেথ। কারাগারে থাকার সময় প্রতি সপ্তাহে তাঁরা নিককে দেখতে যেতেন।
এলিজাবেথের ভাষায়, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে এই ট্র্যাজেডির মোকাবিলা করাই তাঁদের বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। তাঁর বিশ্বাস, ক্ষমা করা সহজ নয়; কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষা আঁকড়ে থাকলে তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠত।

দৈনিক টার্গেট 





















