মার্কিন অনুষ্ঠানে যোগ দিল জামায়াত নেতারা
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক বিশেষ কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে দলটির নেতারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোহাম্মদ সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, নূরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান–এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর একটি শুভেচ্ছা বার্তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে দেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত নেতারা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদী। বিশেষ করে বাণিজ্য, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলেও তারা উল্লেখ করেন।
