ইসলামী আন্দোলন থেমে থাকার নয়: সেলিম উদ্দিন

রাজনীতি

রাজধানীতে আয়োজিত এক প্রীতি সম্মিলনে ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কখনো সহজ ছিল না, ভবিষ্যতেও হবে না। নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তারা।

শুক্রবার সকালে ঢাকার একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। এটি প্রত্যেক ঈমানদারের ওপর অর্পিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যুগে যুগে আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাতে গিয়ে নবী-রাসূলদের কঠিন পরীক্ষা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। এমনকি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নির্যাতনের কারণে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল।

তিনি আরও বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নানা নির্যাতন ও দমন-পীড়নের মুখে পড়তে হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শীর্ষ নেতাকে হারাতে হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, মানবতার প্রকৃত কল্যাণ কেবল কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজব্যবস্থার মাধ্যমেই সম্ভব। নতুন প্রজন্মকে বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন। সঞ্চালনা করেন সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকার। এছাড়াও বিভিন্ন থানা পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।