গণহত্যা-গণপিটুনিতে কড়া বার্তা
দেশে সাম্প্রতিক একের পর এক হত্যাকাণ্ড এবং গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, আইনের কার্যকর প্রয়োগ এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট থেকেই সমাজে ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি উল্লেখ করেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একাধিক নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। নওগাঁয় চারজন, চট্টগ্রামে তিনজন এবং গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। একই দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চুরির সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনাও সামনে আসে।
এসব ঘটনার প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, এগুলো কেবল বিচ্ছিন্ন সামাজিক বিশৃঙ্খলা নাকি বিচারহীনতা ও আইনের দুর্বল প্রয়োগের কারণে সৃষ্ট জনঅসন্তোষের বহিঃপ্রকাশ। তার মতে, যখন মানুষ ন্যায়বিচার নিয়ে আস্থা হারায়, তখন সমাজে অস্থিরতা ও প্রতিশোধমূলক প্রবণতা বাড়তে থাকে।
জামায়াত আমির বলেন, কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করতে না পারলে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সমন্বিত ও আন্তরিক উদ্যোগ ছাড়া এই ধরনের সামাজিক সংকট মোকাবিলা করা কঠিন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
