ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক

রাজনীতি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন। আলোচনাটি উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতামত বিনিময় করা হয়। একই সঙ্গে সংস্কার ও বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে দুই পক্ষই গুরুত্বারোপ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক ও অগ্রগতির ধারা আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।