জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যতিক্রমধর্মী পোস্ট দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে কেন্দ্র করে সরকারের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ও কৌতুকপূর্ণ ভাষায় নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের এ উদ্যোগকে “কৌশলগত পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাণিসম্পদ মন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সাম্প্রতিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই মহিষকে ঘিরে নতুন ধরনের “মহিষ ডিপ্লোম্যাসি” শুরু হয়েছে। তার ভাষ্যমতে, এটি এমন এক প্রতীকী উদ্যোগ যার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের বার্তা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও লেখেন, চিড়িয়াখানায় মহিষটি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সেই কূটনৈতিক সম্পর্ক স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি বিষয়টিকে প্রাণিপ্রেম, অর্থনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক জনসংযোগের উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে ভারতের গো-রক্ষা রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন। তিনি মন্তব্য করেন, এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতেও একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে।
সবশেষে তিনি রসাত্মক ভঙ্গিতে সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে “আনন্দ শোভাযাত্রা” ও “অভিনন্দন মিছিল” আয়োজনের দাবি জানান।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে আলোচনায় থাকার কৌশল হিসেবেও ব্যাখ্যা করছেন।
দৈনিক টার্গেট 


























