নগর উন্নয়নে জাপানের সহযোগিতা চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপানের রাজধানী টোকিওতে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৈঠকে দুই পক্ষ নগর উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং আধুনিক নাগরিক সেবা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
আলোচনায় জাপানের নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো। তিনি টোকিও শহরের বন্যা ও ভূমিকম্প মোকাবিলায় গড়ে ওঠা আধুনিক ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, নিরাপদ পানি সরবরাহ এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার বিষয়ে বিস্তারিত ধারণা দেন। একই সঙ্গে বাংলাদেশের বড় শহরগুলোতে এসব অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শও দেন তিনি।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, উন্নত নগর ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক নগর উন্নয়নে নতুন সুযোগ তৈরি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর। পরে টোকিওর স্মার্ট সিটি কার্যক্রম, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
