শানঝি বিস্ফোরণ: শোক প্রকাশ তারেক রহমানের

রাজনীতি

শানঝি প্রদেশে ভয়াবহ কয়লাখনি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চীনের জনগণের এই দুঃসময়ে বাংলাদেশের সংহতির কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে আহত ও নিখোঁজদের উদ্ধারে কাজ করা উদ্ধারকর্মীদের সাহসিকতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর যেসব উদ্ধারকারী দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দিনরাত কাজ করে যাচ্ছেন, তাদের জন্য বাংলাদেশের মানুষের দোয়া ও সমর্থন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উদ্ধার কার্যক্রম দ্রুত সফল হবে এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বাংলাদেশ সবসময় বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র চীনের পাশে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চীনা কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এই কঠিন সময়ে চীনের জনগণ যেন ধৈর্য ও মানসিক শক্তি ধরে রাখতে পারে, সেই কামনাও করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশ-এর একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই সেখানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।