দৈনিক টার্গেট

দেশের চেতনায়

শেখ হাসিনাকে ফেরানোর দাবি রনির

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও জুলাই-আগস্টের আন্দোলনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দলীয় চেতনার পুনর্জাগরণ ঘটেছে। তার ভাষায়, নানা ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘তিনতন্ত্র’-এ প্রচারিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় গোলাম মাওলা রনি মন্তব্য করেন, আওয়ামী লীগকে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে দেখলে ভুল হবে। তার মতে, দলটির প্রতি সমর্থকদের যে আবেগ ও আনুগত্য রয়েছে, তা অনেকটাই বিশ্বাসভিত্তিক। তিনি বলেন, “অনেক মানুষের কাছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক আদর্শের নাম, যা তাদের চিন্তা ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের শেষ সময়ে এবং ক্ষমতা হারানোর পর দলটির ভেতরে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছিল। অনেক নেতাকর্মী প্রশ্ন তুলেছিলেন দলীয় কর্মকাণ্ড, ছাত্রলীগের ভূমিকা এবং বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে। ফলে অনেকের রাজনৈতিক বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল।

তবে রনির দাবি, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাধীনতাবিরোধী শক্তির সক্রিয়তা বেড়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটিই আওয়ামী লীগের সমর্থকদের আবার একত্রিত করেছে। তার ভাষায়, “এই পরিস্থিতি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে দলীয় চেতনা ফিরিয়ে এনেছে।”

তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে অনেক আওয়ামী লীগ সমর্থক আবার বিশ্বাস করতে শুরু করেছেন যে দলটির নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প নেই। সে কারণেই দেশের রাজনীতিতে তাকে পুনরায় সক্রিয়ভাবে দেখতে চান তারা।

রাজনৈতিক দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে রনি বলেন, ধর্ম শুধু আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয় নয়; মানুষের জীবন পরিচালনার জন্য যে কোনো দৃঢ় বিশ্বাস বা আদর্শকেও এক ধরনের ধর্ম হিসেবে দেখা যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি বিএনপির রাজনৈতিক আদর্শকে “বাংলাদেশি জাতীয়তাবাদ” এবং আওয়ামী লীগের আদর্শকে “বাঙালি জাতীয়তাবাদ” হিসেবে উল্লেখ করেন।

তার বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।