হামে মৃত্যুহার বৃদ্ধি: জরুরি পদক্ষেপের আহ্বান
দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ হঠাৎ করেই দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই রোগের বিস্তার বেশি দেখা যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে তিনি দাবি করেন, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে চারশোরও বেশি অতিক্রম করেছে, যা দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তার মতে, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ঘাটতি, টিকাদান কার্যক্রমে ধীরগতি এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার সীমাবদ্ধতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
জরুরি করণীয় বিষয়ে প্রস্তাবনা
পরিস্থিতি মোকাবিলায় তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন—
১. দেশব্যাপী বিশেষ জরুরি কর্মসূচির মাধ্যমে সর্বজনীন হামের টিকাদান নিশ্চিত করা।
২. আক্রান্ত এলাকাগুলোতে দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদান করা।
৩. উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হামের রোগীদের জন্য আলাদা শয্যা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।
৪. রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানো।
এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে তারা নিজ নিজ এলাকায় আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং টিকাদান কার্যক্রমে সহায়তা করেন।
শেষে তিনি আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মৃত্যুবরণকারীদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি দেশব্যাপী এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
