রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুল ইসলাম আসামিকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে, চলমান তদন্তে সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
ঘটনার একপর্যায়ে রাবার বুলেটের আঘাতে ব্যবসায়ী মাটিতে পড়ে গেলে তাকে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ব্যবসায়ীর শ্যালকও গুলিবিদ্ধ হন। অভিযোগে বলা হয়েছে, তার বাম পায়ে গুলি লাগে এবং টিয়ারশেলের আঘাতে তিনি চোখে গুরুতর আঘাত পান। পরে তাকে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২২ জুন রাজধানীর নবাবগঞ্জ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবিনা আক্তার তুহিনকে আটক করে।
দৈনিক টার্গেট 























