২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ফল প্রকাশের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮.০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ৩.৯৯ শতাংশ পয়েন্ট কমেছে।
ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাফল্য বেশি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর হিসাবে উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি।
শুধু পাসের হারেই নয়, সর্বোচ্চ ফল অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের আধিপত্য দেখা গেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি, যা শিক্ষাক্ষেত্রে মেয়েদের ধারাবাহিক অগ্রগতির ইঙ্গিত বহন করে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন, নির্বাচন ও ভর্তি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম সময়মতো শুরু করা যায়।
দৈনিক টার্গেট 


















