দৈনিক টার্গেট

দেশের চেতনায়

অভিষেকের ফিফটিতে ভারতের সংগ্রহ ১৬৮

এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস ভাগ্য হাসে বাংলাদেশের হয়ে, অধিনায়ক জাকের আলী প্রতিপক্ষকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট হাতে সুযোগ পেয়ে ভারতের হয়ে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মা।

প্রথম তিন ওভারে বেশ সতর্ক থাকলেও এরপর থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন তারা। বিশেষ করে পাওয়ার প্লের শেষ ভাগে আসে ঝড়ো ব্যাটিং মাত্র তিন ওভারে ওঠে ৫৫ রান।

তবে বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন খেলায় ফেরান দলকে। পরপর দুই ওভারে উইকেট তুলে ভারতের জুটিকে ভেঙে দেন তিনি। দলীয় ৭৭ রানের মাথায় গিল বিদায় নেন ১৯ বলে ২৯ রান করে। কিছুক্ষণ পর তিলক ভার্মাও সস্তায় ফেরেন।

কিন্তু অপর প্রান্তে অভিষেক শর্মা ছিলেন সম্পূর্ণ ভিন্ন ছন্দে। মারকুটে শটে বোলারদের উপর চাপ ধরে রাখেন তিনি। তবে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন ১১২ রানে। সাজঘরে ফেরার আগে ৩৭ বলের ইনিংসে তিনি হাঁকান ৬ চার ও ৫টি ছক্কা, সংগ্রহ করেন ক্যারিয়ার সেরা ৭৪ রান।

এরপর ভারতের রানচাকা কিছুটা ধীর হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তারা দাঁড়ায় ১৬৮ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সফল বোলার ছিলেন রিশাদ হোসেন তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব পান ১টি করে উইকেট।

ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৬৯ রান।