চোটের কারণে বিগ ব্যাশের ১৬তম আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ। তাঁর জায়গায় মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রেনেগেডস। আইএলটি-টোয়েন্টি শেষে দলটির সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন অ্যাবট। তিনি জানান, শুরু থেকেই তাঁদের পছন্দের তালিকায় ছিলেন এই পেসার। বেহরেনডর্ফের চোটের পর তাঁকে পাওয়ার আগ্রহ আরও বেড়েছে, ‘ম্যাচের শেষ ভাগে কার্যকর বোলিং করতে পারে, এমন একজন বোলার খুঁজছিলাম আমরা। সেই দায়িত্ব পালনে মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই।’
অ্যাবট বলেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার সমর্থকেরা মোস্তাফিজের সঙ্গে বেশ পরিচিত। বেশ কয়েক বছর ধরে তিনি বিশ্বকাপে খেলছেন। আমাদের সবার পরিচিত তাঁর আদুরে ডাকনাম ‘দ্য ফিজ’ নিয়েও আগ্রহ থাকবে। শুধু তাঁর পরিচিতির কারণেই নয়, বোলিং দক্ষতার কারণেও তাঁকে ঘিরে রোমাঞ্চ তৈরি হবে। তাঁর স্লোয়ারগুলো একেবারেই আলাদা। ইনিংসের শেষ দিকে বোলিংয়ের এমন কিছু দক্ষতা তাঁর আছে, যা অন্য কারও মধ্যে দেখা যায় না।’
মোস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি সমর্থকদের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ১ ও ১৬ জানুয়ারি এমসিজিতে নিজেদের দুটি হোম ম্যাচে ফিজ বে নামে আলাদা একটি গ্যালারি অংশ নির্ধারণ করবে তারা।
সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ।

দৈনিক টার্গেট 




























