২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করতে স্যান্ডপেপার ব্যবহার করে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দায়ী করা হয়। ব্যানক্রফটকে নয় মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
ঘটনার আট বছর পর বিষয়টি নিয়ে আবারও মুখ খুলতে পারেন ব্যানক্রফট। চলতি সপ্তাহে তাঁর ম্যানেজার জানিয়েছেন, কুখ্যাত স্যান্ডপেপারগেট নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করবেন কি না, তা নিয়ে ভাবছেন এই ব্যাটার।
ব্যানক্রফটের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্টার্ক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, বলুক।’
এর আগে ২০২১ সালে ব্যানক্রফটের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু তিনি, স্মিথ ও ওয়ার্নারই জানতেন না। অন্য কেউ যুক্ত ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তাঁর উত্তর ছিল, ‘বিষয়টি তো বেশ পরিষ্কার।’
ব্যানক্রফটের সেই মন্তব্যের পর প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও স্টার্ক যৌথ বিবৃতি দিয়ে জানান, নিউল্যান্ডসে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।
দীর্ঘদিন চাপা থাকার পর সম্প্রতি উসমান খাজার স্মৃতিকথায় আবারও সামনে আসে পুরোনো বিতর্ক। গত সপ্তাহে প্রকাশিত বইয়ে খাজা দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। তাঁর মতে, সে সময় পুরো দলের সম্মিলিতভাবে দায় নেওয়া উচিত ছিল।
খাজার বক্তব্যের সমর্থনে কথা বলেছেন ডেভিড ওয়ার্নারও। তবে কামিন্স গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। সবাই জানত, এমন বক্তব্যকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও চরম বাজে কথা বলে দাবি করেন।
এদিকে খাজার দাবির পক্ষে নতুন করে কথা বলেছেন ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের রিজার্ভ পেসার চ্যাড সায়ার্স। রোববার এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। এমনকি ব্যানক্রফট ধরা পড়ার আগে কয়েকবার মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার কাজও করেছিলেন তিনি।
সায়ার্স আরও জানান, ঘটনা প্রকাশ্যে আসার পর নিউল্যান্ডসের ড্রেসিংরুমে ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠক হয়েছিল। তবে কামিন্স এই দাবিও অস্বীকার করেছেন।
সায়ার্সের বক্তব্য সত্য কি না, জানতে চাইলে স্টার্ক বলেন, ‘এটা তো চ্যাডকেই জিজ্ঞেস করতে হবে, তাই না?’
এদিকে স্যান্ডপেপারগেটের ঘটনার পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া ড্যারেন লেম্যান সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সাম্প্রতিক বিতর্ক সংশ্লিষ্ট সবার জন্যই কঠিন সময় তৈরি করেছে।
লেম্যান বলেন, ‘সংশ্লিষ্ট সবার জন্যই সপ্তাহটি কঠিন কেটেছে। অস্ট্রেলীয় ক্রিকেটের স্বার্থে আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তবে কীভাবে সেটা সম্ভব, তা আমি জানি না। আপনারা যেমন ধারণা করছেন, আমার ধারণাও তেমনই।’
খাজার স্মৃতিকথা প্রকাশের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে মতবিভেদ তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, নিজের সাবেক সতীর্থদের বিপদে ফেলেছেন তিনি। তবে খাজার দাবি, দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ ওয়ার্নারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি বিষয়গুলো প্রকাশ করেছেন।

দৈনিক টার্গেট 






















