শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরার ফাঁদ!
শপিংমল মানেই নানান পছন্দের পোশাক কেনাকাটার স্থান। ট্রেন্ডি ফ্যাশন থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস সবই মেলে এক ছাদের নিচে। কিন্তু জানেন কি, এই আরামদায়ক কেনাকাটার অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক বিপদ? বিশেষ করে নারীদের জন্য, যা হতে পারে তাদের ব্যক্তিগত নিরাপত্তার বড় হুমকি।
সম্প্রতি অনেক শপিংমলের বিরুদ্ধে ট্রায়াল রুমে গোপন ক্যামেরা স্থাপন এবং টু-ওয়ে মিররের মাধ্যমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। কিছু অসাধু কর্মী বা দোকান মালিক এই সুযোগকে কাজে লাগিয়ে নারীদের গোপন মুহূর্ত ভিডিও করে তা ছড়িয়ে দেয় ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার পরিণতি হয় ভয়াবহ।
কিভাবে ফাঁদে ফেলা হয়?
ধরুন, আপনার খুব প্রিয় একজন মানুষ একটি শপিংমলে গেলেন নতুন পোশাক কিনতে। পোশাক পছন্দ করার পর যখন তিনি ট্রায়াল রুমে প্রবেশ করলেন, তখনই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোট একটি গোপন ক্যামেরা তার সব কার্যক্রম রেকর্ড করে নিতে পারে। পরবর্তীতে সেই ভিডিও চলে যেতে পারে অচেনা হাজার মানুষের হাতে, ইন্টারনেটে কিংবা ব্ল্যাকমেইলের উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।
কীভাবে বুঝবেন গোপন ক্যামেরা আছে কিনা?
এই ধরনের গোপন ফাঁদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানা থাকলে বিপদের আশঙ্কা অনেকাংশে কমে আসে। আপনি খুব সহজ একটি পরীক্ষার মাধ্যমে জানতে পারেন রুমে গোপন ক্যামেরা আছে কিনা।
ট্রায়াল রুমে প্রবেশ করে আপনার মোবাইল ফোন থেকে কাউকে কল দেওয়ার চেষ্টা করুন। যদি কল যায় এবং নেটওয়ার্ক ঠিকঠাক থাকে, তাহলে বুঝবেন সেখানে ক্যামেরা থাকার সম্ভাবনা কম। তবে যদি মোবাইল নেটওয়ার্ক হঠাৎ একেবারে দুর্বল হয়ে যায় বা কল করা না যায়, তাহলে সচেতন হোন সেখানে গোপন ক্যামেরা থাকতে পারে।
কারণ, এই ধরনের ক্যামেরাগুলোর সঙ্গে সাধারণত ফাইবার অপটিক্যাল ক্যাবল সংযুক্ত থাকে, যা সিগন্যাল ট্রান্সফার করার সময় মোবাইলের সিগনালে ব্যাঘাত ঘটায়।
টু-ওয়ে মিররের মাধ্যমে নজরদারি
গোপন নজরদারির আরও একটি পদ্ধতি হচ্ছে টু-ওয়ে মিরর। এটি এমন এক ধরনের আয়না, যার এক পাশে স্বাভাবিক আয়নার মতো প্রতিফলন দেখা যায়, কিন্তু পেছন থেকে কেউ আপনাকে স্পষ্টভাবে দেখতে পারে।
এ ধরনের আয়না শনাক্ত করার একটি সহজ কৌশল রয়েছে। আয়নার সামনে আপনার আঙুল তির্যকভাবে ছুঁয়ে দিন। যদি আঙুল ও আয়নার মাঝে সামান্য ফাঁকা থাকে, তাহলে সেটি সাধারণ আয়না। আর যদি আঙুল সরাসরি আয়নার প্রতিফলনের সঙ্গে লেগে যায় ফাঁকা না থাকে, তাহলে বুঝতে হবে এটি টু-ওয়ে মিরর।
করণীয়
১. ট্রায়াল রুমে প্রবেশের আগে নেটওয়ার্ক পরীক্ষা করুন।
২. আয়নার পরীক্ষা করে নিন এটি টু-ওয়ে কি না।
৩. কোনও অসঙ্গতি মনে হলে সঙ্গে সঙ্গেই দোকান কর্তৃপক্ষ বা নিরাপত্তা বাহিনীকে জানান।
৪. প্রমাণসহ অভিযোগ দায়ের করুন এবং অন্যদের সচেতন করুন।
নারীদের প্রতি এমন গোপন নজরদারি শুধু অনৈতিক নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি কিছু অসাধু মানুষের হাতে তা হয়ে উঠেছে বিপদের কারণ। তাই নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সচেতনতা এবং সতর্কতাই পারে এইসব ভয়াবহতার হাত থেকে রক্ষা করতে।
