ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা Suvendu Adhikari দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন GM Quader। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি শুভকামনা জানান বলে সোমবার জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর নির্বাচনী বিজয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি মনে করেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ারও বড় প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে শুভেন্দু অধিকারী মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা তার নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক পরিবারের প্রতিনিধি, যারা দীর্ঘদিন ধরে জনসেবার সঙ্গে যুক্ত। তাঁর পিতা Sisir Adhikari পূর্ব মেদিনীপুর অঞ্চলে বহু বছর ধরে সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পথচলায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি মত দেন।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, দুই বাংলার মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন বহু পুরোনো। ভবিষ্যতে বাণিজ্য, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জিএম কাদেরের মতে, সীমান্তের দুই পাশের মানুষের কল্যাণ ও সৌহার্দ্য বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বার্তার শেষাংশে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর সফলতা কামনা করেন জিএম কাদের এবং দুই বাংলার মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।










Leave a Reply