ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।
গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর ভাষায়, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ রাহুল গান্ধীর মতো একজন নৈরাজ্যবাদী ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। বিজেপির এই মুখপাত্র বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া প্রয়োজন।

দৈনিক টার্গেট 



























