নাবালিকা স্কুলছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের

অপরাধ

সাতক্ষীরার শ্যামনগরে এক নাবালিকা স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ের পিতা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কয়েকজনকে অভিযুক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার পারনপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের কন্যা মোছাঃ সুমি আক্তার মিম (১৬) স্থানীয় এ মেমোরিয়াল একাডেমির নবম শ্রেণির ছাত্রী। প্রায় দুই মাস আগে দাসকাটি গ্রামের মোঃ শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে মিমকে বিয়ের প্রস্তাব দেন। তবে মিম নাবালিকা হওয়ায় তার পরিবার বিয়েতে অসম্মতি জানায়।

অভিযোগে বলা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। এমনকি মিমকে জোরপূর্বক তুলে নেওয়া এবং পরিবারের সম্মানহানির হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১০ মে সকাল আনুমানিক ৯টার দিকে সুমি আক্তার মিম প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মাধ্যমে পরিবার জানতে পারে, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন নারী ও পুরুষ মিলে মিমকে কৌশলে ফুসলিয়ে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সহযোগিতায় বাবু হোসেন নামে এক যুবকের সঙ্গে মিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার কিছুক্ষণ পর তারা অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্তরা উল্টো ভয়ভীতি দেখায়। এ সময় তাদের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পিতা মোঃ আব্দুর রাজ্জাক জানান, তার মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে অথবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে ঠেলে দেওয়া হতে পারে। এজন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই নাবালিকা মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল বলছেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে ও অপহরণের মতো ঘটনা সামাজিকভাবে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে শ্যামনগর থানার দায়িত্বশীল সূত্র জানায়, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।