জাবি শিক্ষার্থীদের জন্য লাইভ বাস ট্র্যাকিং

রাজনীতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতকে আরও আধুনিক ও সুবিধাজনক করতে বাসে চালু হলো লাইভ ট্র্যাকিং ব্যবস্থা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এই প্রযুক্তিনির্ভর সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাকিল সরদারের উদ্যোগে এবং প্রযুক্তি প্রতিষ্ঠান আইট্র্যাকারবিডির সহায়তায় পরীক্ষামূলকভাবে দুটি বাসে এই সিস্টেম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসের বর্তমান অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সম্ভাব্য সময়, বিলম্বের তথ্য এবং প্রয়োজনীয় নোটিফিকেশনও পাওয়া যাবে। ফলে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা বা ভুল তথ্যের কারণে বাস মিস করার সমস্যাও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকা ও আশপাশের এলাকা থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন। বিশেষ করে টিউশন, চাকরি কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে অনেকের নিয়মিত ঢাকায় যেতে হয়। সঠিক তথ্যের অভাবে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই শিক্ষার্থীবান্ধব এই প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আরও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ শক্তিশালী করতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম তারই একটি অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।