পুলিশ কল্যাণে বড় বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পদোন্নতি ও আধুনিকায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব, দক্ষ ও আধুনিক বাহিনীতে রূপ দিতে বাস্তবসম্মত ও যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।
রোববার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় চাকরি করেও অনেক পুলিশ সদস্য কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। এ বাস্তবতা বিবেচনায় সরকার অবসরকালীন সম্মানসূচক পদোন্নতির একটি নীতিমালা চালুর চিন্তা করছে। এর আওতায় কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে সম্মানসূচক পদোন্নতি দেওয়ার সুযোগ রাখা হতে পারে। তিনি জানান, চাকরির রেকর্ড ও কর্মদক্ষতার ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের বাইরে দায়িত্ব পালনকারীদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। বিশেষ করে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায়ের সদস্যদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও চাপের কারণে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে নতুন সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
পুলিশের আবাসন সংকট নিরসন এবং বিভিন্ন ইউনিটের অবকাঠামো উন্নয়নেও সরকারের অগ্রাধিকার রয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দুই মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
এ সময় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর আইন প্রণয়নের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে নতুন ও যুগোপযোগী আইনি কাঠামো তৈরির জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
মব সংস্কৃতি দমনে বিদ্যমান আইন সংশোধনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
