বিদেশি চাপ নয়, দেশের স্বার্থ আগে: রেজাউল করিম

রাজনীতি

দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণে বিদেশি প্রভাব কমিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশের সম্পদ ও নীতিগত সিদ্ধান্ত বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়লে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অবস্থিত সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে এমন কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক সমঝোতা করা হচ্ছে, যার ফলে দেশের রাজস্ব আয় কমে যেতে পারে এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

রেজাউল করিম আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নামে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, যা ভবিষ্যতে দেশের নীতিনির্ধারণে বাইরের চাপ সৃষ্টি করতে পারে। তিনি সরকারের প্রতি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, জেলা নেতৃবৃন্দ মহি উদ্দিন, জহির উদ্দিন, ইউসুফ আল মাহমুদ, লোকমান হোসাইনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সম্মেলনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।