স্থানীয় বাসিন্দারা বলছেন, গত দুই থেকে তিন দিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়েছে। কয়েকটি কুকুরের শরীরে ঘা ও ক্ষত দেখা যাচ্ছে। এসব কুকুরের আচরণও অস্বাভাবিক। পথচারীদের দেখলেই তেড়ে আসছে এবং কামড়াচ্ছে।
গতকাল শুক্রবার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া, দক্ষিণ সাহাপাড়া, সান্যালপাড়া, রামচন্দ্রপুর ও কর্মকারপাড়াসহ উপজেলার দুবলাগাড়ী ও মহিপুর এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুকুরের আক্রমণ নিয়ে উদ্বেগের কথা জানা গেছে। এ ছাড়া কেল্লা ও হাপুনিয়া এলাকাতেও কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫০ জন কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে তিনি নিজে চিকিৎসা দিয়েছেন। তাঁদের সবাই আশঙ্কামুক্ত। আহত ব্যক্তিদের মধ্যে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তত ১০ জনও রয়েছেন।
কুকুরের আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় আমিরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে জনসচেতনতামূলক বার্তা দিয়েছেন। এতে তিনি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দৈনিক টার্গেট 





















