কাকরাইলে তারেক রহমানকে যুবদলের শুভেচ্ছা

রাজনীতি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর চাঁদপুর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রাজধানীজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে যুবদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহর কাকরাইল মোড়ে পৌঁছালে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন প্রটোকলের গাড়ির সামনে এগিয়ে গিয়ে স্যালুট দেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ আরও অনেকে সেখানে অংশ নেন।

পরে দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে তিনি কুমিল্লাকে বিভাগ হিসেবে গঠনের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, এটি যদি সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হয়ে থাকে, তবে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

একই সভায় কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও ওঠে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, শিক্ষা ও কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোতে চায়।

সমাবেশে স্থানীয়দের পক্ষ থেকে বিমানবন্দর চালুর দাবিও জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে জনগণের প্রয়োজন ও দাবিগুলো পর্যায়ক্রমে পূরণে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।