জবিতে জুলাই সনদ নিয়ে ছাত্রদলের গণসংযোগ

রাজনীতি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সনদকে ঘিরে বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব দিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ক্যাম্পাসের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে প্রচারণা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

লিফলেটে জুলাই জাতীয় সনদ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়, দলটি জাতীয় সনদের মূল উদ্দেশ্য ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের একটি নির্দিষ্ট প্রশ্নের কিছু অংশ সনদের কয়েকটি ধারার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল।

প্রচারণাপত্রে আরও উল্লেখ করা হয়, সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে বিএনপি মত দিয়েছে। একই সঙ্গে সরাসরি ভোটে নির্বাচিত নয় এমন কোনো প্রতিষ্ঠানের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার বিরোধিতাও তুলে ধরা হয়।

লিফলেটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ, স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়ন এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন সংস্কার প্রস্তাবে বিএনপির সমর্থনের বিষয়ও উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই সনদ নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দিতে তারা এ প্রচারণা চালাচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। অন্যদিকে সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করেই ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সে লক্ষ্যেই তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।