• বীজতলা ও চারা রোপণের জমি তৈরি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
• পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং মাছ ধরতে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেওয়ায় এই পরিস্থিতি।

দৈনিক টার্গেট • বীজতলা ও চারা রোপণের জমি তৈরি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
• পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং মাছ ধরতে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেওয়ায় এই পরিস্থিতি।

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। কোথাও কোথাও জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে বীজতলা ও চারা রোপণের জমি তৈরি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
হাওরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং বিলের মাছ ধরতে বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। দ্রুত পানি সংরক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে চলতি মৌসুমে বোরো উৎপাদন মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। কৃষকেরা বলছেন, সেচ দিয়ে জমি তৈরি করতে হলে এবার উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যনগরে ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় টাঙ্গুয়ারের অংশবিশেষ, টগার, বোয়ালা, শালদিঘা ও গোরমাসহ ছোট-বড় বেশ কয়েকটি হাওর রয়েছে। গত সোমবার সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, অধিকাংশ হাওর পানিশূন্য হয়ে পড়েছে। কোথাও জমি চৌচির হয়ে আছে।
টগার হাওরের কৃষক নাজিম উদ্দিন বলেন, ‘হাওরে এখনো বীজতলা তৈরির কাজই শেষ হয়নি।
এর মধ্যে ধান রোপণের জমি শুকিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জমিতে আইল বেঁধে আগেভাগেই সেচ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছি। গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারিনি। এর মধ্যে জমি চাষের শুরুতেই খরচ বেড়ে গেলে আবারও লোকসানে পড়তে হবে।’
বোয়ালা হাওরের কৃষক ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘৬৩ বছর বয়সেও হাওরের পানি এত দ্রুত শুকিয়ে যেতে দেখিনি। আগে পানি সেচে জমি শুকিয়ে বীজতলা তৈরি করতাম। এবার বীজতলা তৈরির মতো পানিও আশপাশে নেই। হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদের খরচ ও দুর্ভোগ বাড়বে।’
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক সঞ্জীব রঞ্জন তালুকদার বলেন, সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমে গেছে। এতে কৃষকেরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারেন। বিশেষ করে যেসব হাওরে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নেই, সেসব এলাকায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে কৃষি বিভাগের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, ‘একসময় আমাদের হাওরগুলো ছিল গামলার মতো। পানি জমে থাকত। কিন্তু বর্তমানে পলি জমে ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় হাওরগুলো নাব্যতা হারাচ্ছে। ফলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। হাওরগুলো খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধ করা উচিত।’
মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষে কৃষকেরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। পাশাপাশি সমন্বয় সভায় হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের প্রস্তাব দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কোন কোন হাওরে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং কোথায় বাঁধ দিয়ে পানি আটকে রাখা প্রয়োজন, সে বিষয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারতের সুনামগঞ্জ সীমান্তে চালু হওয়া তিনটি বর্ডার হাট (সীমান্ত হাট) এখন সুনসান। আড়াই বছর আগেও জাঁকজমক ছিল হাট তিনটি। সীমান্তের দুই পারের ব্যবসায়ীরা সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নিজেদের উৎপাদিত সবজিসহ নানান পণ্য নিয়ে উপস্থিত হতো হাটে। কেনাকাটাও করত সীমান্তঘেঁষা দুই দেশের বাসিন্দারা।

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্রি করে এক কেজি বীজ পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় এবার ধানের ফলন হয়েছে কম। ধান চাষে খরচ তুলতেই হিমশিম।

সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সেতু ও কালভার্ট নির্মাণের দাবি জানান তাঁরা।