চাঁদাবাজি বেড়েছে, দাবি ছাত্রশিবির সভাপতির

রাজনীতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক ইস্যু কিংবা পুরোনো অভিযোগ সামনে এনে এখন আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না। জনগণ বর্তমান বাস্তবতা বুঝতে শিখেছে এবং রাজনৈতিক অপপ্রচারকে প্রত্যাখ্যান করছে।

শুক্রবার (২৯ মে) নড়াইল জেলা শিল্পকলা একাডে

মি মিলনায়তনে জেলা ছাত্রশিবির আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ভালোবাসার বন্ধনে আমরা অতীত থেকে বর্তমান’।

বক্তব্যে সাদ্দাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় নানা ধরনের অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সামাজিক অস্থিরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে নানা ধরনের তকমা ব্যবহার করা হয়। কিন্তু মানুষ এখন এসব প্রচারণা আর বিশ্বাস করে না।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, জনগণ অতীতে স্বৈরাচারী শাসন প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও কোনো ধরনের নতুন স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সচেতন থাকবে।

নারী ও শিশু নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে অন্তত ১১৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। কিছু ঘটনায় ধর্ষণের পর হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে সাদ্দাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। তবে তার আশপাশের লোকজনের ষড়যন্ত্রের কারণেই তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীকেও চারপাশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবির কোনো কিছু চাপিয়ে দেয়নি। শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করছে এবং স্বেচ্ছায় সংগঠনটির প্রতি সমর্থন দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ। এতে আরও উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল, ছাত্রশিবির খুলনা মহানগরের সভাপতি রাকিব হোসেন, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, লোহাগড়া জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য খিয়াম উদ্দিন এবং ড. খান আব্দুস সোবহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।