আজ রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ১২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন বিধিমালা বাস্তবায়ন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নতুন বিধিমালার প্রধান লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চার্জিং ও যত্রতত্র চলাচল বন্ধ করা। বিধিমালার আওতায় নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলাচল করতে পারবে না।
বিধিমালায় দুই যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
বিধিমালায় আরও বলা হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করা যাবে। নিবন্ধিত ই-রিকশায় দৃশ্যমান স্থানে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট রাখতে হবে।
এ ছাড়া একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর। এই সময়ের পর নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
যাত্রী নিরাপত্তার স্বার্থে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটারে নামিয়ে আনতে হবে।

দৈনিক টার্গেট 

























