চ্যাম্পিয়ন হওয়ার পর বোকা জুনিয়র্সের উচ্ছ্বাস যেন থামার নয়। আর্জেন্টাইন প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন লেখা বিলবোর্ডের সামনে শিরোপা হাত নিয়ে উদযাপন তো করেছেই। এরই মধ্যে থমাস আরান্দা আলাদা নজর কেড়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিকে স্মরণ করেছেন আরান্দা। ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড উদযাপনের সময় ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি বলতে, আমি সব সময় যেমনটা বলি, এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাঁর (মেসি) কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি তাঁর এবং সংশ্লিষ্ট সবার প্রতি শতভাগ কৃতজ্ঞ।’
গত মাসে মেসি আগামীর ফুটবলের যে ১০ তারকার কথা উল্লেখ করেছেন, তাঁর মধ্যে আরান্দাও আছেন। গত রাতে শিরোপা জয়ের পথটাও ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ডের জন্য একেবারে সহজ ছিল না। ফিবুলায় (পায়ের নিচের অংশের হাড়) চোট পেয়ে ভেঙে যাওয়ায় তাঁর পুরো মৌসুম শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমনকি ২০২৭ সালের আগে আর মাঠে ফিরতে পারবেন না, এমন সম্ভাবনাও ছিল।
গত রাতে দিফেন্সা ওয়াই জাস্তিসিয়ার বিপক্ষে ফাইনালে আরান্দা শুরুর একাদশে ছিলেন না। ৬৫ মিনিটে তিনি নামেন অ্যালান ভেলাস্কোর পরিবর্তে। এমনকি ম্যাচ টাইব্রেকারে যাওয়ার মতো অবস্থাও তৈরি হয়। তবে বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া তা হতে দেননি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে জয়সূচক গোল করেন। ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বোকা জুনিয়র্স।
আন্তর্জাতিক ফুটবলে আরান্দার এখনো অভিষেক হয়নি। তবে মেসির সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচের সফরের দলে নেওয়া হয়েছিল আরান্দাকে। তখন কয়েক সপ্তাহ একসঙ্গে অনুশীলনও করেছিলেন মেসি-আরান্দা। গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর তাই মেসিকে মনে পড়েছে আরান্দার।

দৈনিক টার্গেট 

























