লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আল আরব আল–জাদিদ বা দ্য নিউ আরবের খবরে বলা হয়েছে, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান—মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের দক্ষিণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে পাঁচজনের মৃত্যু হয়।
এদিকে বৃষ্টির সময় বালুর স্তূপ ও উঁচু মাটির ঢিবির কাছাকাছি তাঁবু স্থাপন কিংবা অবস্থান না করতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স। সংস্থাটি বলেছে, এসব স্থানে অবস্থান মানুষের জীবনের জন্য প্রকৃত হুমকি তৈরি করছে। একই সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এর আগে শনিবারের ভারী বৃষ্টিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানিতে প্লাবিত হয়। এতে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
গাজার সরকারি জনসংযোগ কার্যালয় এক বিবৃতিতে জানায়, বৃষ্টির প্রথম দিনেই বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে যায়। বিবৃতিতে আরও বলা হয়, গাজার বিভিন্ন এলাকায় ফাটল ধরা কয়েক ডজন দেয়াল ও ছাদ ধসে পড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোর থেকে গাজা সিটির কয়েকটি অংশ এবং ভূখণ্ডটির মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে শরণার্থীশিবিরগুলো প্লাবিত হতে শুরু করে। এ পরিস্থিতিতে শত শত বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয়শিবির ছেড়ে চলে যেতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে টানা দুই বছর ধরে চলা যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূখণ্ডটির অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অনেকেই এখনো তাঁবু কিংবা অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে।

দৈনিক টার্গেট 

























