মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশা।
গ্রেপ্তারের পর ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় আরও জানান, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ, সরাসরি অস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক টার্গেট 
























