সম্প্রতি নিজের বইয়ে খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে তাঁর এই দাবি উড়িয়ে দেন কামিন্স। খাজার বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্ভট বলে মন্তব্য করেন তিনি।
কামিন্সের ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনের পর ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্নার। তাঁর মতে, অধিনায়কের বক্তব্যে খাজাকে বিপদে ফেলা হয়েছে। পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডের আগে ফক্স স্পোর্টসকে ওয়ার্নার বলেন, ‘আমি এখনো উজির (উসমান খাজা) পাশে আছি। তাঁর বইয়ে যা লেখা হয়েছে, আমি সেটাকে সত্য বলেই মনে করি। আমি তাঁকে পুরোপুরি সমর্থন করি। এই মুহূর্তে তাঁর জন্য আমার খারাপ লাগছে। আমার মনে হয়েছে, আজ অধিনায়ক তাঁর বক্তব্যের মাধ্যমে উজিকে বিপদে ফেলেছেন। বিষয়টি আমাকে ভীষণ হতাশ করেছে।’
২০১৮ সালে নিউল্যান্ডস টেস্টে বলের আকৃতি পরিবর্তন করতে স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়েন ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্যানক্রফট।
ওয়ার্নারের দাবি, এই ঘটনায় সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে তাঁদের তিনজনকে। আট বছর পর বিষয়টি নিয়ে মুখ খুলে ওয়ার্নার বলেন, ‘এই ঘটনায় আমরা তিনজনই বড় মূল্য দিয়েছি। আট বছর ধরে এ বিষয়ে আমি কথা বলিনি। কিন্তু প্রতিদিন আমাদের এই পরিণতি বয়ে বেড়াতে হচ্ছে। আমাদের যেন আজীবনের শাস্তি দেওয়া হয়েছে। অন্যরা যখন বলেন, এই ঘটনায় তাঁরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আমার, স্টিভ ও ক্যামের চেয়ে খারাপ অবস্থায় আর কেউ নেই। প্রতিদিন মাঠে নামলে আমাদের কটূক্তি শুনতে হয়।’
এ সময় নিজের পরিবারের কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ওয়ার্নার, ‘হ্যাঁ, আমরা আমাদের দায় স্বীকার করেছি। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে আমাকে ও আমার স্ত্রীকে। সেই সময় আমরা আমাদের সন্তান হারিয়েছিলাম। সত্য স্বীকার না করা পর্যন্ত বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।’
এদিকে, খাজার বক্তব্যের সঙ্গে একমত নন মিচেল স্টার্ক, কামিন্স ও মিচেল মার্শ। তাঁরা নিজেদের আগের অবস্থানেই রয়েছেন। অন্যদিকে, স্মিথ ও ব্যানক্রফট এখনো এ ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

দৈনিক টার্গেট 






















