জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন সাহেদ। গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
নব্বইয়ের দশকের শুরুতে সংগীতাঙ্গনে পা রাখেন শেখ সাহেদ আলী। তিনি মূলত ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। তিনি কেবল একজন চমৎকার কণ্ঠশিল্পীই ছিলেন না, নিজের অনেক গানের গীতিকার ও সুরকারও ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী কথা ও সুরের জন্য তাঁর গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ আবেদন তৈরি করেছিল। বিশেষ করে তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি ওই সময়ে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরত।
সাহেদের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’, ‘প্রেম আসবেই’ ইত্যাদি। নব্বইয়ের দশকে ব্যান্ডসংগীতে তুমুল জনপ্রিয়তা ও স্বতন্ত্র অবস্থান তৈরি করলেও, পরবর্তীতে দীর্ঘ সময় অনেকটা আড়ালেই ছিলেন নিভৃতচারী এই গুণী শিল্পী।

দৈনিক টার্গেট 

























