শুক্রবার (১৩ নভেম্বর)দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কাজিরাঙার কাছে গোলাঘাট জেলার রংগাজানে এই দুর্ঘটনা ঘটে। বোখাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসকে সজোরে ধাক্কা দেয় একটি কনটেইনার ট্রাক।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরেই চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হয়।
এর আগে গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছিলেন, প্রাথমিকভাবে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছিল বলে তখন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
পুলিশ সুপার বলেন, পার্কসংলগ্ন এলাকায় আরোপিত গতিসীমা উপেক্ষা করে মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে তিনি জানান, এই মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
ত্রাণ ও উদ্ধার তৎপরতা তদারকি করতে রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

দৈনিক টার্গেট 


























