আজ সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ও বলতলা বাজারসংলগ্ন এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া চেয়ারম্যানপাড়ার মো. হজরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল স্কচটেপ মোড়ানো তিনটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একই সময়ে পাশের বলতলা বাজারসংলগ্ন সেতুর ওপর আরও তিনটি বস্তু দেখতে পান তাঁরা। খবর পেয়ে গাংনী থানার পুলিশ সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। আজ সকাল ৭টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে। উদ্ধার করা ছয়টি বস্তুর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেলসদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত ককটেল কি না, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক টার্গেট 























