গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর লবণচরা থানার ওয়াজেদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মালিক। পরে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা দোকান ও পাশের যুব সংঘে আগুন জ্বলতে দেখেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রতিষ্ঠান দুটি ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
মুদি দোকানি ডালিম বলেন, রাত ১১টার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে এক যুবক ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। ঘটনাস্থলে এসে দেখেন, দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানের পাশের যুব সংঘটিও আগুনে পুড়ে গেছে। ডালিম জানান, ওই ক্লাবে বিভিন্ন সময়ে বিএনপির নেতা-কর্মীরা বসে আড্ডা দিতেন। সেখানে ১২০টি চেয়ার, কয়েকটি টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন আসবাব ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।
ডালিমের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের লোকজন এ আগুন দিতে পারে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালেও পুলিশ সেখানে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। নাশকতার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 























