সিএনএন জানিয়েছে, চীনের শেনজেনে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার রাতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ট্রাম্প। এ সময় তাঁদের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।
এর আগে আজ সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিন শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
পরে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশটির প্রেসিডেন্ট। ফলে সি চিন পিংয়ের এই উপস্থিতিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদা বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম একে ‘খুব ভালো বৈঠক’ বলে অভিহিত করেন।
এদিকে সম্মেলনে দেওয়া ভাষণে সি চিন পিং শেনজেনের অসাধারণ রূপান্তরের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট একটি মাছ ধরা গ্রাম থেকে শহরটি এখন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে ‘উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল’ পাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন।

দৈনিক টার্গেট 

























