আজ বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরওয়ার। এর আগে বেলা ১১টায় দলের নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে।
মিয়া গোলাম পরওয়ার জানান, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষর করার পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই রায় উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার প্রতি সরকারের এ অবস্থান রাজনৈতিক আস্থার সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
গোলাম পরওয়ার জানান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে, আইনশৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের হলেও বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেও সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য কররেন তিনি।
সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। মিয়া গোলাম পরওয়ারের দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো অবস্থান করছেন।
জামায়তের সেক্রেটারি জেনারেল বলেন, এসব ব্যক্তি নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করছেন বলে দলের নির্বাহী পরিষদ মনে করে।
বিএনপির সঙ্গে একযোগে মাঠে জামায়াত থাকবে কি না—এমন এক প্রশ্নের জবাবে পরওয়ার বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন জামায়াত সেক্রেটারি। এ ছাড়া সেদিন দলের ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানান তিনি।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 

























